শিরোনাম

রুশ বাহিনীর আতঙ্ক ইউক্রেনের ‘সাইলেন্ট ডেথ’ যন্ত্রবাহিনী

চ্যানেল টেন ডেস্কঃ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নতুন কৌশল নিয়েছে ইউক্রেন। রক্ত-মাংসের সেনার পাশাপাশি এখন বিশেষ ধরনের ‘যন্ত্রসেনা’ বা রিমোট নিয়ন্ত্রিত কমান্ডো ইউনিটের ওপর নির্ভরতা বাড়িয়েছে কিয়েভ। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে শয়ে শয়ে এই প্রযুক্তিনির্ভর ইউনিট মোতায়েন করছে ইউক্রেন, যাদের রুশ সেনারা ডাকছে ‘সাইলেন্ট ডেথ’ নামে।

এই যন্ত্রসেনাদের খাবার বা পানির প্রয়োজন হয় না। দূর থেকে নিয়ন্ত্রিত এসব ইউনিট যুদ্ধক্ষেত্রের সরাসরি ভিডিও পাঠাতে পারে এবং শত্রুপক্ষের অবস্থান বিশ্লেষণ করে হামলার কৌশল নির্ধারণেও ভূমিকা রাখে। নিঃশব্দে অভিযান চালানোর সক্ষমতার কারণে রুশ সেনাদের কাছে তারা এক ধরনের আতঙ্কে পরিণত হয়েছে।

প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে সেনা সংকটে পড়েছে ইউক্রেন। সামরিক শক্তিতে রাশিয়ার তুলনায় পিছিয়ে থাকলেও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে দেশটি। পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র সহায়তা পেলেও দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতিতে জনবল রক্ষা করাই এখন কিয়েভের বড় চ্যালেঞ্জ। সেই কারণেই যন্ত্রসেনার ব্যবহার দ্রুত বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রুশ বাহিনীর কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেনাচৌকি পুনর্দখলের অভিযানে শুধুমাত্র যন্ত্রসেনাকে ব্যবহার করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতেই প্রায় ২২ হাজার যন্ত্রসেনা বিভিন্ন অভিযানে মোতায়েন করা হয়েছে।

রুশ বাহিনীর দেওয়া ‘সাইলেন্ট ডেথ’ নামের পেছনে রয়েছে এই প্রযুক্তির নিঃশব্দ হামলা চালানোর ক্ষমতা। ইউক্রেনীয় সেনা কর্মকর্তাদের দাবি, মাত্র ১০ মিটারের মধ্যে না এলে এসব ইউনিটের উপস্থিতি টের পাওয়া কঠিন। তাদের মতে, এমন প্রযুক্তি আগে হাতে থাকলে বহু সেনার প্রাণহানি এড়ানো যেত।

ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে এবং আধুনিক সংঘাতে প্রযুক্তিই হয়ে উঠছে মূল শক্তি। আর সেই প্রযুক্তিনির্ভর কৌশলের মাধ্যমেই রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

No comments