বগুড়ার গাবতলীতে ডিএনসির অভিযানে, ট্যাবলেটসহ গ্রেফতার ১
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে গাবতলী উপজেলার সোন্দবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় সোন্দবাড়ী এলাকা থেকে মোঃ রোমান রহমান (২২) নামে এক যুবককে আটক করা হয়।
আটক রোমান রহমান গাবতলী উপজেলার সোন্দাবাড়ী গ্রামের মোঃ নুরু মিয়ার ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে, উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্য বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছে।

No comments