ত্রাণের চাল চাওয়ায় অসহায় নারীকে জুতাপেটা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভিজিএফের চালের কার্ড চাওয়াকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।
রোববার দুপুরে চরজুবলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কম্পিউটার দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কোহিনুর বেগম (৩৭) একই ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত নাছিমা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।
কোহিনুর বেগমের দাবি, তার স্বামী ক্যানসারে আক্রান্ত এবং পরিবারটি চরম কষ্টে দিন কাটাচ্ছে। ঈদ উপলক্ষে ভিজিএফের চাল পাওয়ার আশায় তিনি স্থানীয় এক ইউপি সদস্যের কাছে যান। পরে ইউনিয়ন পরিষদের সামনে ক্ষোভ প্রকাশ করলে নারী ইউপি সদস্য নাছিমা বেগম এসে তাকে জুতা দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে নাছিমা বেগম বলেন, ওই নারী অশোভন আচরণ করেছিলেন এবং তার বোরকা টানাটানি করেন। তিনি শুধু তাকে সরিয়ে দিয়েছেন, জুতাপেটার ঘটনা ঘটেনি বলে দাবি করেন।
এ বিষয়ে চরজুবলি ইউনিয়ন পরিষদ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঘটনাটি পরে তিনি শুনেছেন। অন্যদিকে সুবর্ণচর উপজেলা প্রশাসন-এর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments