শিরোনাম

রামিসা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

চ্যানেল টেন ডেস্কঃ

জামালপুরে সারা দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক’।

শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা দয়াময়ী মোড়ে ১০ মিনিট সড়ক অবরোধ করেন।

জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন ‘বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, আইনজীবী শামীম আরা, জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক বিমল জেমস কস্তা এবং মনিমেলা খেলাঘর আসরের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়সহ অন্যরা।

বক্তারা বলেন, ‘দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

No comments