শিবগঞ্জে পাথরবোঝাই ট্রাকে ১১২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার, গ্রেফতার ৩
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে পাথরবোঝাই ট্রাকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইনযুক্ত ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাত ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়
ডিএনসি বগুড়া কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি বড় মাদকের চালান ঢাকায় পাচার করা হবে। পরে শিবগঞ্জ থানাধীন এসএস ফুড জোনের বিপরীতে মহাসড়কে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকের ভেতরে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৩৭৪টি করে মোট ১১২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইনযুক্ত (Buprenorphine Injection I.P) “CUPIGESIC” লেবেলযুক্ত ইনজেকশন পাওয়া যায়। উদ্ধারকৃত ইনজেকশনের মোট পরিমাণ ২ হাজার ২৪৪ মিলিলিটার।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৫৭১৭ নম্বরের একটি টাটা কার্গো ট্রাক, ৪৩০ সিএফটি কালো পাথর, পাথরের চালানের কপি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভেরাকোলা গ্রামের মো. শরিফ ইসলাম (২৪), একই উপজেলার টারুটিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৫) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মো. মন্টু মিয়া (৪৮)।
ডিএনসি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই মাদক চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, সরকারের ঘোষিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

No comments