শিরোনাম

দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে

বগুড়া প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টার দিকে বগুড়ার জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর এ আদেশ দেন।

এদিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন হামিদুল আলম মিলন। তবে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

হামিদুল আলম মিলন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়া গ্রামের বাসিন্দা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতির আদেশে তাকে শাস্তিমূলকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ জানুয়ারি মিলনের বিরুদ্ধে তার স্ত্রী শাহজাদী আলম লিপিকে অবৈধভাবে সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, শাহজাদী আলম লিপি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৯ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য ও উৎস গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন।

এছাড়া, স্বামীর অবৈধ সহায়তায় তিনি ২৬ কোটি ১ লাখ ২৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখেন বলে অভিযোগ রয়েছে। স্বামীর সরকারি ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে আরও ৩ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকার সম্পদ অর্জন এবং সেগুলোর উৎস গোপন বা আড়াল করতে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগও আনা হয়েছে।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

দুদকের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনোয়ার হোসেন জানান, মামলাটির শুনানি উপলক্ষে আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মিলন, তবে আদালত তা নামঞ্জুর করেন।

বগুড়ার কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশের পরপরই হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত বছরের ১৭ নভেম্বর ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। ওই মামলায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান। পরবর্তীতে ঈদুল ফিতরের কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পান।

এছাড়া, চাকরিতে থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৬১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। ওই মামলায় তার তিন বোন আজিজা সুলতানা, আরেফা সালমা ও শিরিন শবনমকেও আসামি করা হয়েছে।

No comments