শিরোনাম

ঈদে টাকা জমানোর জন্য রাতভর কাজ, কারখানার মেশিন কেড়ে নিল কিশোরের প্রাণ

চ্যানেল টেন ডেস্কঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি ফিড মিলে কাজ করার সময় মেশিনে আটকে মোহাম্মদ রাসেল নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অবস্থিত নাহার অ্যাগ্রো ফিড মিল-এ এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে। জানা গেছে, ঈদ উপলক্ষে কিছু টাকা জমানোর উদ্দেশ্যে ইলেকট্রিকের কাজের পাশাপাশি কয়েকদিন ধরে রাতে ফিড মিলে শ্রমিক হিসেবে কাজ করছিল সে।

সোমবার রাতেও সহকর্মীদের সঙ্গে কাজ করার সময় হঠাৎ ভুট্টা রাখার সাইলোতে পড়ে যায় রাসেল। সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও দ্রুত বের করতে পারেননি। পরে অন্যদের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাব্বি জানান, তারা একসঙ্গে কাজ করছিলেন। হঠাৎ রাসেল সাইলোর ভেতরে তলিয়ে গেলে তিনি তাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে অন্য শ্রমিকদের খবর দেওয়া হয়।

ফিড মিল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে কয়েকজন স্থানীয় শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরপরই রাসেলকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ধারণা, মেশিন বা সাইলোর ভেতরে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments