শিরোনাম

মামী-ভাগিনার পরকীয়া প্রেম দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ফয়সাল হোসাইন সনি, বগুড়া প্রতিনিধি (ডিজিটাল)

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মামী ভাগিনার পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় শাহআলম নামে এক যুবককে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, উপজেলার বিহার ইউনিয়নের দোবিলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৬ মে সকালে ফসলি জমি থেকে রক্তাক্ত অবস্থায় শাহআলমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেন, নিহত শাহআলমের ভাবি আরিফা বেগমের সঙ্গে শাহীন শেখ সায়েমের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল। স্বামী বাড়ির বাইরে থাকলে গভীর রাতে তাদের গোপন মেলামেশা চলতো। বিষয়টি জানতে পেরে যান শাহআলম। এ নিয়ে তিনি আগেও ভাবিকে সতর্ক করেছিলেন।

ঘটনার রাতে আবারও আরিফার ঘরে যান শাহীন। বিষয়টি টের পেয়ে হাতে হাসুয়া নিয়ে বাড়ির বাইরে অবস্থান নেন শাহআলম। পরে আরিফা গেট খুলে শাহীনকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ সময় শাহআলম তাদের একসঙ্গে দেখে ফেললে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

একপর্যায়ে শাহআলমের হাত থেকে হাসুয়া কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কোপ দেয় শাহীন। এতে ঘটনাস্থলেই শাহআলমের মৃত্যু হয়। পরে মরদেহ ফসলি জমিতে ফেলে রাখা হয়।

সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

No comments