শিরোনাম

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ

চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বুধবার (২৭ মে) সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ প্রশাসন এবং হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ‘পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২’-এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু ছিল। ওই সময় ওয়ার্ডে থাকা কয়েকজন নবজাতকের মা অতিরিক্ত ঠাণ্ডার অভিযোগ করলে কর্তব্যরত নার্সরা এসি বন্ধ করে দেন। পরে রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৪টার দিকে একটি শিশু অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। পরে একই ওয়ার্ডে থাকা আরও পাঁচ নবজাতককে পর্যায়ক্রমে এনআইসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল ৬টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও পাঁচ নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনার সময় ওয়ার্ডে সদ্য প্রসূতি মায়েরা তাদের সন্তানদের নিয়ে অবস্থান করছিলেন এবং দায়িত্বে ছিলেন তিনজন নার্স।

ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকেও আলাদা তদন্ত শুরু হয়েছে। তদন্তে কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

No comments