বগুড়ার সারিয়াকান্দিতে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রুবেল তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার দীঘলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ডিএনসি’র ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় দীঘলকান্দি এলাকা থেকে রুবেল তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রুবেল তালুকদার উপজেলার দীঘলকান্দি এলাকার মৃত আব্দুল খালেক তালুকদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধার হওয়া আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

No comments