শিরোনাম

ছাত্রদলের সহায়তায় ঘরে উঠল বিধবার পাকা ধান

চ্যানেল টেন ডেস্কঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রমিক সংকটে বিপাকে পড়া এক বিধবার পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রদল।

বুধবার (৬ মে) সকালে উপজেলার তারাকান্দর বিলে গিয়ে কান্দি ইউনিয়নের মৃত প্রতাপ চন্দ্র বৈদ্যের স্ত্রী ঊর্মিলা বৈদ্যের প্রায় এক বিঘা জমির ধান কেটে দেন সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমির ধান পেকে থাকলেও শ্রমিকের অভাবে কাটাতে পারছিলেন না ওই নারী। অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার মোস্তফার নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে নেমে ধান কাটা সম্পন্ন করেন। এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

ধান কেটে ঘরে তুলে দেওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন ঊর্মিলা বৈদ্য। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে ধান পেকে ছিল, কিন্তু শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রদলের ছেলেরা এসে সব ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ এদিকে স্থানীয় এলাকাবাসীও ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ জানান, বোরো মৌসুমে অনেক কৃষক শ্রমিক সংকটে ভুগছেন। কোনো অসহায় পরিবার এ সমস্যায় পড়লে ছাত্রদল তাদের পাশে দাঁড়াবে এবং এ ধরনের জনহিতকর কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

No comments