স্কুলছাত্রীকে গহিন পাহাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
চ্যানেল টেন ডেস্কঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা অষ্টম শ্রেণির অপর এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন এখনও পলাতক রয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ছদাহা ও বাজালিয়া ইউনিয়নের সীমান্তবর্তী মাহালিয়া গ্রামের সহুদের নালা-সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই ছাত্রী ছদাহা ফজুরপাড়া এলাকা থেকে মাহালিয়া সহুদের নালা ও ছদাহার পাহাড়ি মৎস্য প্রজেক্ট এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে মৎস্য প্রজেক্টে কর্মরত সাত শ্রমিক তাদের জোরপূর্বক গহিন পাহাড়ে নিয়ে যায়।
সেখানে নবম শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করে পাহাড়ের অন্য প্রান্তে আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বুধবার রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়াসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। অভিযানে অভিযুক্ত চারজনকে আটক করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পাওয়ার পরপরই আমরা অভিযানে নেমে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছি। ভুক্তভোগী দুই ছাত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পলাতক বাকি তিনজনকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
No comments