শিরোনাম

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চ্যানেল টেন ডেস্কঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ২৭ শিশুর মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৭ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।

মৃত শিশু হলো ৯ মাস বয়সী হোসাইন। সে ত্রিশাল উপজেলার আউলটিয়া গ্রামের আরিফ মিয়ার ছেলে। গত ২ মে হামের উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি মারা যায়।

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ৪০ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ১১৪৫ জন শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১০২৪ শিশু। মৃত্যু হয়েছে ২৭ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৯৪ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ১৯ জন শিশু।

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মৃত শিশুর বাবা আরিফ মিয়া বলেন, শুধু আইসিইউ সংকটের কারণে আমার বুকের ধনকে হারালাম। শেষ দিকে তার অবস্থা এতটাই জটিল হয়েছে যে তখন আইসিইউর খুব প্রয়োজন ছিল। এত বড় একটি হাসপাতালে আইসিইউর অভাবে শিশুরা মারা যাচ্ছে, তা মেনে নেওয়ার মতো নয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, শিশুটি হাম উপসর্গের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত ছিল। যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে আইসিইউ থাকলে হয়তো সে বেঁচে যেত।

No comments