বগুড়ায় ডিসিসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননার মামলা, শোকজ
চ্যানেল টেন ডেস্কঃ
আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষার অভিযোগে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছেন যুগ্ম জেলা জজ আদালত-২ এর বিচারক শামিমা খাতুন।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জজকোর্টের আইনজীবী এমএ ছোবহান।
মামলার বিবরণে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার কোষাশ মৌজার ৫.৯৯ একর আয়তনের ‘বিষলাল’ নামের একটি পুকুর সংস্কারকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। আদালতে চলমান মামলায় অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ পুকুরপাড়ে সরকারি সম্পত্তি দাবি করে সাইনবোর্ড স্থাপন করে বলে অভিযোগ করেন বাদীপক্ষ।
এ ঘটনায় মনছের আলী সরদারসহ ১০ জন বাদী যৌথভাবে আদালতে আবেদন করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে গত সোমবার বিচারক প্রশাসনের সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ দেন।
নোটিশে বলা হয়, আগামী ২৪ মে সকাল ৯টায় আদালতে স্বশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় একতরফা শুনানির মাধ্যমে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত হবে।
মামলা সূত্রে আরও জানা যায়, উক্ত পুকুরটি দীর্ঘদিন ধরে বাদীপক্ষ ভোগদখল করে আসছেন এবং সেখানে মাছ চাষসহ বসতবাড়ি রয়েছে। তবে জমিটি ভুলক্রমে ১/১ খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ায় জেলা প্রশাসকসহ সাতজনকে বিবাদী করে ২০২০ সালে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ৯ মে আদালত ওই সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ এপ্রিল আদালতের আদেশ অমান্য করে পুকুরপাড়ে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল পুনরায় আদালতের শরণাপন্ন হন বাদীপক্ষ।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, “সরকারি পক্ষ থেকে পুকুরে সাইনবোর্ড দেওয়া হয়েছে। আদালত অবমাননার মামলার বিষয়টি জেনেছি। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
No comments