শিরোনাম

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে বগুড়ায় যুবককে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকায় ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. হৃদয় রহমান মিশু (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত মিশু শহরের ঠনঠনিয়া গোয়ালপাড়া এলাকার মো. সোহেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে মিশুর বিরোধ সৃষ্টি হয়। 

এর জেরে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিশুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী। তিনি বলেন, ছুরিকাহত ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় অভিযোগ হয়নি, অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments