শিরোনাম

প্রবাস থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন হাসান, রাজবাড়ীতে দাফন সম্পন্ন

চ্যানেল টেন ডেস্কঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিবের মরদেহ ১৮ দিন পর দেশে পৌঁছেছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে প্রবাসীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। পাকশিয়া সরদার বাড়িতে মৃতের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় পাড়ি জমান হাসান গালিব। সেখানে তিনি জহুরবারু শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। পরিবারের স্বপ্ন পূরণ ও সুন্দর ভবিষ্যতের আশায় প্রবাস জীবন শুরু করলেও সেই স্বপ্ন আর পূরণ হলো না।

গত ২৪ এপ্রিল মালয়েশিয়ায় অবস্থানকালে স্ট্রোকজনিত কারণে মারা যান হাসান গালিব। মৃত্যুর ১৮ দিন পর সোমবার (১১ মে) দিবাগত রাত ১১টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে আজ মঙ্গলবার ভোরে মরদেহ গ্রামের বাড়ি কালুখালী উপজেলার পাকশিয়ায় আনা হয়। 

মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মা-বাবা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশের পরিবেশ। দীর্ঘদিন প্রবাসে থাকা গালিবের নিথর দেহ বাড়িতে পৌঁছানোর সেই মুহূর্ত যেন পুরো গ্রামকে স্তব্ধ করে দেয়।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা হাসান গালিব প্রবাসে স্ট্রোকজনিত কারণে গত ২৪ এপ্রিল মারা যান। তার মরদেহ ১৮ দিন পর আজ গ্রামের বাড়িতে এসেছে। বেলা ১১টায় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

No comments