খেলার ছলে পুকুরে গোসলে নেমে প্রাণ গেলো দুই শিশুর
নাটোরের বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আরাফাত ও নুর মোহাম্মদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ণকলস গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— পূর্ণকলস গ্রামের মিন্টু ইসলামের ১১ বছর বয়সী ছেলে আরাফাত এবং রাজু আহমেদের ১০ বছর বয়সী ছেলে নুর মোহাম্মদ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরাফাত ও নুর মোহাম্মদ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও গ্রামবাসী বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments