বগুড়ায় ৬৪ মাসে ৪৩০ খুন, চলতি বছরে ৩০ খুন
চ্যানেল টেন ডেস্কঃ
বগুড়া জেলা এখন খুনের নগরীর পথে। গত ৬৪ মাসে এ জেলায় খুন হয়েছে ৪৩০টি। চলতি বছরের প্রথম ৪ মাসে ৩০টি ও ২০২৫ সালে বগুড়ায় খুন হয়েছে ৫৭টি। অথচ এর আগে ২০২৪ সালে বগুড়ায় খুন হয়েছে ৯৫টি। সে হিসেবে ২০২৪ সালের তুলনায় খুনের ঘটনা ২০২৫ সালে কমেছে ৩৮টি। অথচ ২০২৩ সালে জেলায় ৭৭টি, ২০২২ সালে জেলায় ৮৯টি এবং ২০২১ সালে ৮২টি খুনের ঘটনা ঘটেছে।
হিসেব করলে দেখা যায়, গত ৫ বছরে বগুড়ায় খুন হয়েছে ৪০০টি ও চলতি বছরের প্রথম ৪ মাসে খুন হয়েছে আরও ৩০টি। অর্থাৎ গত ৬৪ মাসে বগুড়া জেলায় খুন হয়েছে ৪৩০টি।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ জেলা বগুড়ায় খুনের ঘটনা কমলেও এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চলতি বছরের প্রথম ৪ মাসে ৩০টি হত্যাকাণ্ড হয়েছে। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে সামাজিক আধিপত্য বিস্তার, মাদক ও পারিবারিক কলহ, নানা কারণে এসব প্রাণহানির ঘটনা ঘটছে। হঠাৎ করে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
জেলা পুলিশের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ৪টি, ফেব্রুয়ারি মাসে ৬টি, মার্চ মাসে ১০টি, এপ্রিল মাসে ১০টি। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বগুড়া জেলার ১২টি উপজেলায় মোট ৫৭টি খুন সংঘটিত হয়েছে। ২০২৫ সালে বগুড়া সদর থানা এলাকায় মোট ১৪টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া শাজাহানপুর থানায় ৭টি, শিবগঞ্জ থানায় ৪টি, সোনাতলায় ২টি, গাবতলীতে ৪টি, সারিয়াকান্দিতে ৩টি, আদমদিঘীতে ২টি, দুপচাঁচিয়ায় ৪টি, নন্দীগ্রামে ৪টি, কাহালুতে ৩টি, শেরপুরে ৭টি এবং ধুনটে ৩টি খুনের ঘটনা ঘটেছে।
বছরজুড়ে বগুড়ায় কিছু আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো, চলতি বছরের গত ২৮ মার্চ ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন আলাল শেখকে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে ব্যবসায়ী তুলে নিয়ে শহরের সেউজগাড়ি ডাবতলা এলাকায় নিয়ে নির্মম হামলা করে হাতুড়ি দিয়ে তার হাত-পা ভেঙে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কাটে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ৩ এপ্রিল ভোররাতে মারা যান আলাল শেখ।
৫ এপ্রিল শনিবার সন্ধ্যা সাতটার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহানাজ বেগম (৭০)। সন্ধ্যায় দুর্বৃত্তরা শাহানাজ বেগমের বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
৬ এপ্রিল রবিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মোমেনা বেগম (৬৮) নিহত হন।
২০২৫ সালে ১ মার্চ বগুড়া সদর সাবগ্রামে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে সকিনাকে (৩৫) হত্যা করা হয়। পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে হত্যাকাণ্ড বলে পুলিশ জানিয়েছে।
১৫ জুন বগুড়ায় স্কুলছাত্রী মেয়েকে বিয়ে করতে না দেয়ার বিরোধকে কেন্দ্র করে শাকিল আহমেদকে (৪০) দলবদ্ধভাবে পিটিয়ে হত্যা করা হয়। তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ জুলাই ইসলামপুর হরিগাড়ী রাতে বাড়িতে ঢুকে দু'জন নারীকে ছুরি দিয়ে হত্যা করা হয়, একজন আহত হয়। পরে ডিবি পুলিশ প্রধান অভিযুক্তকে আটক করে।
১৬ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর স্ত্রী রানী বেগম ও ছেলে ইমরান হোসেনকে ঘরে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে পুলিশের অভিযানে নিহতের ভাই ও সহযোগী আটক হয়।
২৮ অক্টোবর শহরের সেউজগাড়ী হাবিবুর রহমান খোকনকে (৩৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে, আরেকজন আহত হয়।
২৫ নভেম্বর বগুড়ার শাজাহানপুরে ছুটিতে বাড়ি আসা এক সেনাসদস্যের বাসা থেকে তার দুই সন্তানের গলাকাটা ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এঘটনায় তার স্বামীকে আটক করে পুলিশ।
বগুড়ার বিশিষ্ট আইনজীবী গোলাম মোস্তফা জিয়ন বলেন, বর্তমানে বগুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে, তাতে সাধারণ মানুষের আইনি সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের চলাচলের স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা পাওয়া সাংবিধানিক অধিকার। কিন্তু মাঠ পর্যায়ে পুলিশের কর্মতৎপরতা হ্রাস পাওয়ায় অপরাধীরা বিচারহীনতার সুযোগ পাচ্ছে। ফলে সন্ধ্যার পর রাস্তায় বের হতে এবং দিনের বেলাতেও একা চলতে নিরাপত্তা বোধ করছে না সাধারণ মানুষ।
সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন জানান, বগুড়ার খুনের ঘটনাগুলো সাধারণ মানুষকে একটি ভীতির পরিবেশের মধ্যে রেখেছে। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হচ্ছে না। বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই হত্যাকান্ডগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যায়। এতে রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। কারণ যে পরিবার একজন সদস্য হারায়, সেই পরিবার বোঝে কষ্ট কত। তাই অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা গেলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করেছে এবং রহস্য উদঘাটনে কাজ করছে। শুধুমাত্র পুলিশ প্রশাসন কঠোর হলে এসব অপরাধ দমন সম্ভব নয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ কোন অপরাধীকে ছাড় দিচ্ছে না। বিট পুলিশিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। পুলিশ প্রতিটি হত্যাকান্ডের তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করছে।
No comments