স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
সম্পর্কের অবনতি হওয়ায় স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত স্বামীর নাম আব্দুর রহমান জীম (২৬)। তিনি ঝিকরগাছা উপজেলার কাটাখালি রূপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
ভুক্তভোগী নারীর নালিশি অভিযোগটি আমলে নিয়ে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন বিষয়টি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী মনিরামপুরের বাসিন্দা।
মামলার আরজিতে ১৯ বছর বয়সী ওই নারী উল্লেখ করেন, ২০২৪ সালের ২২ এপ্রিল জীমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তিনি সন্তানসম্ভবা হলে জীম জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট করে দেন। এ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয় এবং ভুক্তভোগী নারী মনিরামপুরে বাবার বাড়িতে আলাদা থাকতে শুরু করেন।
এর আগে, সন্তান নষ্ট করার অভিযোগে তিনি জীমের বিরুদ্ধে আদালতে একটি নালিশি অভিযোগ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে জীম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। সংসার চলাকালীন কৌশলে ধারণ করা স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের নগ্ন ও অর্ধনগ্ন ছবি একটি ফেসবুক পেজ খুলে ছড়িয়ে দেন।
এ ছাড়া, গত ৪ মে জীম ফোন করে হুমকি দেন, বিয়ে বহাল না রাখলে আরও অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। ছবিগুলো ওই নারীর হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারেও পাঠানো হয়।
সামাজিকভাবে চরম মানহানির শিকার হয়ে ওই নারী শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

No comments