শিরোনাম

মাদক কারবারির প্রতিবাদ করায় প্রবাসফেরত যুবককে হত্যা, গ্রেপ্তার ১

চ্যানেল টেন ডেস্কঃ

ময়মনসিংহের নান্দাইলে মাদক কারবারির প্রতিবাদ করায় প্রবাসফেরত এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। হত্যাকাণ্ডের প্রায় সাড়ে সাত মাস পর বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪।

গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. রাজন মিয়া (২৬)। তিনি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১৪ জানায়, সংগ্রামখেলী গ্রামের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০) দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে থাকার পর ছুটিতে দেশে ফেরেন। পরে তিনি আর প্রবাসে না গিয়ে এলাকায় কৃষিকাজ শুরু করেন।

এলাকার কিছু ব্যক্তির মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করতেন আলমগীর। এ নিয়ে মাদককারবারীদের সঙ্গে তার একাধিকবার বিরোধ ও ঝগড়া হয়। এর জেরে গত বছরের ২৪ সেপ্টেম্বর অভিযুক্তরা আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে ২৭ সেপ্টেম্বর সংগ্রামখেলী বাজারের পাশ থেকে আলমগীরের বস্তাবন্দী মাটিচাপা মরদেহ উদ্ধার করে পুলিশ। তার হাত-পা বাঁধা ছিল। এছাড়া তাকে শ্বাসরোধে হত্যার পর বস্তায় ভরে মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে পলাতক ছিলেন রাজন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসফেরত যুবক আলমগীর হোসেনকে হত্যা করে তার মরদেহ মাটিচাপা দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক থাকা রাজন মিয়ার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার রাজন মিয়াকে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments