শিরোনাম

কখনও ডিবি পুলিশ, কখনও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই করেন তারা

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ায় ডিবি পুলিশ, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কৌশলে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাইকারীর একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত ইজিবাইক,অটোরিকশা, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের দক্ষিণ চর মশুরা এলাকার মো. মামুন শিকদার (৪০), বরিশালের বাকেরগঞ্জের মো. মিঠু পাটোয়ারী (৩০), গাইবান্ধার ব্যাপারীপাড়া এলাকার মো. সুমন মিয়া (৩০), পটুয়াখালীর কলাপাড়ার বালিপাড়া এলাকার মো. জাকির হোসেন (৪০), পটুয়াখালীর বাউফলের জৌতা এলাকার মো. নিজাম (৪৬), রংপুরের হারাগাছ বানুপাড়া এলাকার মো. ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও মো. জাহিদুল ইসলাম (৪২)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে বগুড়া সদর থানায় এক ইজিবাইক চালক অভিযোগ করেন ২৫ এপ্রিল টিএমএসএস হাসপাতালের সামনে এক যাত্রী নামানোর পর অপর এক ব্যক্তি নিজেকে সিভিল পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ৫ মে ভোরে সদর উপজেলার চারমাথা এলাকার খাজা হাইওয়ে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জাহিদুল ইসলামের দোকান থেকে বাদির ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট চারটি ইজিবাইক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান বলেন, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে রংপুরে বিক্রি করত। নিজেদের কখনও ডিবি, কখনও পুলিশ, আবার কখনও সাংবাদিক পরিচয় দিয়ে তারা এসব অপরাধ সংঘটিত করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments