শিরোনাম

বগুড়ায় ১৬ ঘণ্টায় তিন হত্যা, নিহত গৃহবধূ, স্কুলছাত্র ও শিশু

বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ার পৃথক তিনটি ঘটনায় গত ১৬ ঘণ্টায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন গৃহবধূ, স্কুলছাত্র ও ছয় মাস বয়সী এক শিশু। এর মধ্যে একজনকে গলা কেটে, একজনকে ছুরিকাঘাতে এবং এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) দিবাগত রাত ১২ টা থেকে বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টা পর্যন্ত জেলার গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় এসব ঘটনা ঘটে। ঘটনাগুলোতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর মধ্যে গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে গলা কেটে খুনের শিকার হন রিতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূ। তিনি ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০ টার দিকে রাতের খাবার শেষে তারা আলাদা কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। পরে স্ত্রীর কক্ষ থেকে গোঙানির শব্দ শুনে সেখানে গিয়ে তিনি রিতা রানীর গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় বাড়ির সদর দরজা খোলা ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, বৃহস্পতিবার (২১মে) দুপুরে  সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে মোস্তাকিম আহমেদ (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘুঘুমারি এলাকায় নকিলা পিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম উপজেলার ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং নকিলা পিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিমের সঙ্গে একই এলাকার শাহাদাত হোসেনের বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে মোস্তাকিমকে একদল যুবক ঘিরে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে একই দিনে বেলা সাড়ে ৩ টার দিকে  গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় ছয় মাস বয়সী শিশু আব্দুল্লাহকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা রায়হান আলীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে এসে শিশু সন্তান আব্দুল্লাহর গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। অভিযুক্ত বাবাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

No comments