৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলা, বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ
চ্যানেল টেন ডেস্কঃ
সাত বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টার মামলা দায়েরের অভিযোগে বাদী শাহানুর রহমানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ওই শিশুকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেনকে।
মঙ্গলবার (৫ মে) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এ নির্দেশ দেন।
শিশু হুসেন আলীর আইনজীবী শামীম হোসেন প্রামাণিক জানান, আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বখতিয়ার হোসেন এবং বাদী শাহানুর রহমান ট্রাইব্যুনালে হাজির হন। শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের খুঁজতে এলাকায় গিয়েছিলেন তিনি, তবে সবাই আত্মগোপনে থাকায় বয়স যাচাই করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পাঁচ আসামির মধ্যে একজন শিশু এ তথ্য পুলিশের কাছে কেউ জানায়নি। এ সময় বাদী আদালতের কাছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে আদালত বলেন, ভুল তথ্য দেয়া গুরুতর অপরাধ, এর কোনও ক্ষমা নেই।
আদালত মন্তব্য করেন, বয়স এক-দুই বছর এদিক-ওদিক হতে পারে, কিন্তু সাত বছরের শিশুকে ২১ বছর দেখানোর কোনও সুযোগ নেই। এ ধরনের ভুল তথ্য দিয়ে মামলা দায়ের করায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরে আদালত ভুল তথ্য দেয়ার অভিযোগে বাদীর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করার নির্দেশ দেন। একই সঙ্গে সাত দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবদুল কাদের মিয়া বলেন, অসত্য তথ্য সরকারি কর্মচারীকে দিলে দণ্ডবিধির ১৭৭ ও ১৮২ ধারায় ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। এসব ধারায় অপরাধ প্রমাণিত হলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে গুরুদাসপুরের ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের সামনে খাঁকড়াদহ গ্রামের শাহানুর রহমানের ছেলে শ্রাবণ সরকার বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হামলার শিকার হন। এ ঘটনায় অন্যরা পালিয়ে গেলেও তিনি আহত হন।
পরদিন শ্রাবণের বাবা শিশু হুসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় হত্যা চেষ্টার মামলা করেন। এজাহারে হুসেনের বয়স ২১ বছর উল্লেখ করা হয়। পরে জানা যায়, আসামিদের একজন মাত্র সাত বছরের শিশু হুসেন আলী।
হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালাল মাদক মামলার আসামি
বিষয়টি জানার পর হুসেন ও তার পরিবার দ্রুত আদালতের দ্বারস্থ হন। পরে মঙ্গলবার আদালত শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিতে নির্দেশ দেন এবং বাদীর বিরুদ্ধে মামলা করার আদেশ দেন।
No comments