শিরোনাম

ধান গোছানোর সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

চ্যানেল টেন ডেস্কঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাঠের কাটা ধান ঘরে তোলার আগেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন হাসান শেখ (২৫) নামে এক যুবক। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে নিজের জমিতে কাটা ধান এক জায়গায় জড়ো করছিলেন হাসান। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল এবং দিনশেষে ধান ঘরে তোলার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই আকস্মিক বজ্রপাত হাসানের ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে তরতাজা এক যুবকের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে হাসানের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

No comments