বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলায় জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমন মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের একটি জমিতে থাকা নিজের ছাগল আনতে যান সুমন। জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া বলেন, দুপুরের পর হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠে কাজ করা লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে সুমন তার ছাগল আনতে মাঠে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এসআই মো. মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

No comments