বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের হাতাহাতি, পরে মীমাংসা
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পরে উভয় পক্ষই এটিকে ভুল বোঝাবুঝিজনিত ঘটনা বলে দাবি করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে ভুল তথ্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মীমাংসা করে নেয়।
সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আফিউল আল-আমিন বলেন, “ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছিল। বাইরের একজন ব্যক্তি নিজেকে সাধারণ শিক্ষার্থী পরিচয় দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। এটিকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে।”
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং বিষয়টি আমরা নিজেদের মধ্যেই সমাধান করেছি।”
কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা মো. তামিম ইসলাম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহায়তা ডেস্ক স্থাপন করেছিল। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষে ভুল তথ্যের কারণে সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছিল। বর্তমানে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।”
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ক্যাম্পাসে আসি। পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি বড় কোনো ঘটনা নয় বলে মনে হয়েছে।”
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, “ঘটনার সংবাদ পেয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি এবং দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি পরিস্থিতি শান্ত। উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা তারা নিজেরাই সমাধান করে নিয়েছে।”

No comments