শিরোনাম

পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

চ্যানেল টেন ডেস্কঃ

রংপুরের হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশ (২৬)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনা এলাকার তেলিপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকাসক্ত পলাশের ছুরিকাঘাতে এএসআই পিয়ারুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে এবং আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে আদালত আজ (সোমবার, ১৩ এপ্রিল) এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম (লিটন) জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

No comments