শিরোনাম

বিষের বোতল হাতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন এক কলেজছাত্রী। এ সময় তার হাতে একটি বিষের বোতল দেখা যাওয়ায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারোআঞ্জুলী গ্রামের মৃত আমিনুল ইসলামের মেয়ে রিমি খাতুনের সঙ্গে প্রায় এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় একই এলাকার সিয়াম সাহেদের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে রিমির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সিয়াম। তবে পরবর্তীতে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে রিমি খাতুন প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন।

একপর্যায়ে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেননি বলে জানা যায়। পরে তিনি আবারও প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এ সময় তার হাতে একটি বিষের বোতল দেখা যায়। তার কণ্ঠে একটাই দাবি বিয়ে।

রিমি খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করবো। এজন্যই আমি সঙ্গে বিষের বোতল নিয়ে এসেছি।” তিনি আরও বলেন, “আমি ৯৯৯-এ কল করেও কোনো সহযোগিতা পাইনি। বাবা-মা বাড়িতে তুলবে না আমি কোথায় যাবো? বিয়ে না করলে এখানেই মরবো।”

স্থানীয় সাবেক মেম্বার মো. আজিজুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দুই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, তবে কেউ সাড়া দিচ্ছে না। স্থানীয় লোকজন মেয়েটিকে নজরদারিতে রেখেছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা এর দ্রুত সমাধান চাই।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “আমি স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে মেয়েটির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

No comments