শিরোনাম

১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চ্যানেল টেন ডেস্কঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

রেলওয়ে সূত্র জানায়, উদ্ধারকাজ শেষে ধাপে ধাপে ট্রেন চলাচল শুরু করা হচ্ছে। প্রথমে হরষপুর স্টেশনে অবস্থানরত সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে দেওয়া হয়। এরপর শায়েস্তাগঞ্জে অবস্থানরত কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

এ বিষয়ে ওসি সোহেল রানা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট সব সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। লাইনচ্যুত বগিগুলো সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। তবে সবার সমন্বিত প্রচেষ্টা ও নিরবচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকাজ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। একইসঙ্গে ছড়িয়ে পড়া জ্বালানি তেলের বিষয়টিও গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। সব কার্যক্রম শেষে এখন সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচল শুরু হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের শাহপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির অন্তত ৬টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও পাশের খালে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি-৫৫সহ বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেললাইন মেরামতের মাধ্যমে পুনরায় ট্রেন চলাচলের উপযোগী করা হয়।


 

No comments