প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ: বগুড়ায় দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিলের আবেদন
বগুড়া প্রতিনিধিঃ
প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের অভিযোগে বগুড়া থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার ডিক্লারেশন (ঘোষণা) বাতিলের আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) কাছে পৃথকভাবে এ আবেদন করেন শহরের চারমাথা ভবের বাজার এলাকার আবুল কালাম আজাদ এবং শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মো. আনোয়ারুল ইসলাম সুমন।
আবেদনে উল্লেখ করা হয়, বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক উত্তর কোণ’ পত্রিকায় গত ২৯ এপ্রিল প্রথম পাতায় ‘ঢাকার জেলা প্রশাসক নিয়োগে ৩০ কোটি টাকা লেনদেন, একই সিন্ডিকেট জড়িত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
আবেদনকারীদের দাবি, উক্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলেও কোনো প্রামাণ্য তথ্য, নির্ভরযোগ্য সূত্র বা উপযুক্ত রেফারেন্স উল্লেখ করা হয়নি। এতে সংবাদটি পেশাগত নীতিমালা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বলে তারা মনে করেন।
তারা আরও বলেন, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে এবং জনশৃঙ্খলা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, এ ধরনের সংবাদ প্রকাশ পত্রিকার ডিক্লারেশন সংক্রান্ত প্রচলিত আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তাই সংশ্লিষ্ট পত্রিকার ডিক্লারেশন বাতিলসহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে আবেদনকারী আবুল কালাম আজাদ বলেন, “পত্রিকাটির ডিক্লারেশন বাতিল চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করার বিষয়টি সত্য।”
তবে এ বিষয়ে অভিযুক্ত পত্রিকার সম্পাদক শাহেদুজ্জামান সিরাজ বিজয় বলেন, আমরা এই মুহূর্তে কোন মন্তব্য করতে চাই না।
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের মুঠোফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

No comments