শিরোনাম

সারিয়াকান্দিতে খোলা বিদ্যুৎ তারে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার সারিয়াকান্দিতে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল আহম্মেদ (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা এবং মৃত সাকু প্রামানিকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শাকিল একসময় সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর মেধাবী শিক্ষার্থী ছিলেন। তবে বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব নিতে গিয়ে নবম শ্রেণির পরই পড়াশোনা ছেড়ে দিয়ে রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। তার সাত মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

ঘটনার দিন সকালে তিনি চার সহকর্মীকে নিয়ে একটি দ্বিতল ভবনে নির্মাণকাজে যান। কাজ করার সময় অসাবধানতাবশত একটি লোহার রড খোলা বিদ্যুৎ তারের সংস্পর্শে এলে তিনি গুরুতরভাবে আহত হয়ে নিচে পড়ে যান।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

পরে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments