যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘বড় চমক’, খুব শিগগিরই দৃশ্যমানের হুঁশিয়ারি ইরানের
চ্যানেল টেন ডেস্কঃ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তেহরান চলমান সংঘাতে পূর্বনির্ধারিত পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি-এ প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারির কথা জানানো হয়। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইরানের পক্ষ থেকে বড় ধরনের চমক অপেক্ষা করছে এবং খুব শিগগিরই তা দৃশ্যমান হবে। তার দাবি, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চলে প্রতিপক্ষের কর্মকাণ্ড পরিস্থিতির গতিপথ তেহরানের অনুকূলে নিয়ে আসতে পারে।
ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণকে ‘যথাযথ নয়’ বলেও মন্তব্য করেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক সামরিক ব্যর্থতা, বিশেষ করে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পরই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, উভয় পক্ষের এই ধরনের কড়া ভাষার ব্যবহার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। এতে করে সরাসরি সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে সামরিক পদক্ষেপের পাশাপাশি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশলও ব্যবহার করা হচ্ছে। এতে করে আঞ্চলিক স্থিতিশীলতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
তথ্যসূত্র : আল-জাজিরা
No comments