শিরোনাম

যশোরে যুবলীগের মিছিল, আটক ৫

চ্যানেল টেন ডেস্কঃ

যশোর শহরে যুবলীগের ব্যানারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল ও সমাবেশের ঘটনায় পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানাপুলিশ।

বুধবার(২৯ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে ।

আটক ব্যক্তিরা হলেন কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল ও রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে শহরের গরীবশাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই পেজে যুবলীগের আরেকটি কর্মসূচির ভিডিওও প্রচার করা হয়।

বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক দল মাঠে নামে এবং অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন। যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্য জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে।

No comments