শিরোনাম

আইসিসির দায়িত্ব ছাড়ার ঘোষণা পিসিবির সাবেক কর্মকর্তার

চ্যানেল টেন ডেস্কঃ

আইসিসির জেনারেল ম্যানেজার হিসেবে পদত্যাগ করবেন ওয়াসিম খান। চার বছর এই দায়িত্বে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা।

২০২২ সালের মে মাসে জিওফ অ্যালারডাইস আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হলে এই দায়িত্ব নেন ওয়াসিম। তার আগে তিনি পিসিবিতে তিন বছর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। 

প্রথম ব্রিটিশ বংশোদ্ভুত  মুসলিম হিসেবে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন ওয়অসিম। ৯০ দশকের শেষ দিকে তিনি ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন। এছাড়া সাসেক্স ও ডার্বিশায়ারের হয়ে সব মিলিয়ে ৫৮টি প্রথম শ্রেণি ও ৩০টি লিস্ট এ ম্যাচ খেলেন বাঁহাতি ব্যাটার। ১৯৯৫ সালে ওয়ারউইকশায়ারের কাউন্টি চ্যাম্পিয়ন হওয়ার পথে তিনি প্রায় ৫০ এর কাছাকাছি গড়ে রান করেন।

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে প্রশাসনিক কাজে জড়িয়ে পড়েন ওয়াসিম। লিস্টারশায়ার কাউন্টিতেও প্রধান নির্বাহীর ভূমিকাতে ছিলেন। আইসিসিতে থাকাকালে তার অন্যতম চ্যালেঞ্জ ছিল ক্রমবর্ধমান ঠাসা ক্রিকেট সূচি, যখন আন্তর্জাতিক ক্রিকেটের জায়গা কেড়ে নিচ্ছিল টি-টোয়েন্টি ও টি-টেনের মতো লিগগুলো। কিন্তু শেষ ফিউচার ট্যুরস প্রোগ্রামে (২০২৩-২৭) তিনি আন্তর্জাতিক ক্রিকেটের আধিক্য বাড়ান। তার সময়েই প্রথম নারীদের এফটিপি নির্ধারণ হয়।

আগামী জুনে দায়িত্ব ছাড়বেন ওয়াসিম। জুলাই থেকে নেবেন অন্য দায়িত্ব। এর আগে গত দুই বছরে আরও কয়েকজন উচ্চপদস্থ আইসিসি কর্মকর্তা বিদায় নিয়েছেন। অ্যালারডাইস ছাড়াও তাদের মধ্যে অন্যতম ক্রিস টেটলি (ইভেন্ট প্রধান) ও দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। টেটলির জায়গায় বসেন গৌরব সাক্সেনা এবং মার্শালের স্থলাভিষিক্ত হন এন্ড্রু এফগ্রেভ।

No comments