মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭
চ্যানেল টেন ডেস্কঃ
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় চার জন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।
বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে টঙ্গীর আমতলী কেরানীরটেক মাদক বস্তিতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন আরিফুল ইসলাম, কনস্টেবল রাকিবুল ইসলাম, এএসআই নুরে আলম ও নারী কনস্টেবল জাহানারা।
গ্রেপ্তাররা হলেন, শাহীন (৩৬), সোহেল (২৮), রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নূরজাহান (৫৩) এবং বিউটি আক্তার (৫৬)।
পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসার সামনে অভিযান যায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিমের দুই সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন) বেলায়েত হোসেন বলেন, কেরানির টেক বস্তিতে ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিম অভিযানে যায়। এসময় তাদের ওপর হামলা করে, এতে ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে শান্ত করা হয়৷
তিনি আরও বলেন, কেরানির টেক হতে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
No comments