শিরোনাম

সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

চ্যানেল টেন ডেস্কঃ

বৈশাখে ‘কয়লাপোড়া’ রোদে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। সর্বত্রই গরমে নাকাল প্রতিটি প্রাণ যেন এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। অন্যদিকে তাপমাত্রার পারদ উঠেছে ৩৯ ডিগ্রির ঘরে। এই অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালের মধ্যে দেশের ৪ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এই অবস্থায় দেশের ১৪ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যেই আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

No comments