টেকনাফে গহীন পাহাড়ে মিলল তিন যুবকের মরদেহ
চ্যানেল টেন ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে একসাথে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা সবাই একই এলাকার উত্তর শিলখালী গ্রামের বাসিন্দা।
তারা হলেন- নুরুল ইসলামের ছেলে নুরুল বশর (২৮), রুহুল আমিনের ছেলে রবি আলম (২৩) এবং নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (২৮)।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা প্রায় ৭টার দিকে মোর্শেদ আলম নামের এক সন্ত্রাসী রবি আলমকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ ভোর ৬টার দিকে মোর্শেদ আলম তার ভাই মুজিবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় শামলাপুর এলাকার একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নুরুল বশরকে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি কথিত গোপন আস্তানা থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় পথিমধ্যে তার মৃত্যু হয়। একই স্থান থেকে পুলিশ রবি আলমের মরদেহ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র বলছে, মোর্শেদ আলম গ্রুপ ও অজ্ঞাত আরেকটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, মোর্শেদ আলম তার আপন ভাই মুজিবুর রহমান, চাচাতো ভাই রবি আলম এবং সহযোগী নুরুল বশরকে গোপন আস্তানায় ডেকে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে কোনো বিরোধ বা সংঘর্ষের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার মূল রহস্য মোর্শেদ আলমের মধ্যেই লুকিয়ে রয়েছে। স্থানীদের একটি অংশ মনে করছে, নিহতরা অপহরণ চক্রের সদস্য এবং কোনো ভিকটিম কৌশলে পালানোর সময় তাদের ওপর হামলা চালিয়ে আহত করে পালিয়ে যায়।
নিহত রবির বাবা রুহুল আমিন বলেন, সকালে স্থানীয়রা পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলেকে শনাক্ত করেন।
স্থানীয়দের বরাতে ইউপি সদস্য আমান উল্লাহ জানান, পাহাড়ে দীর্ঘদিন ধরে অপহরণ চলছে, সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে মরদেহগুলো দেখতে পেয়ে পরিবার ও এলাকাবাসীকে খবর দেয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
No comments