ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ
চ্যানেল টেন ডেস্কঃ
সপ্তাহে দুইদিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট চত্বরে আইনজীবীরা কালো পতাকা মিছিল প্রদক্ষিণ করে। পরে সমাবেশে আইনজীবী নেতারা বলেন, আগামী সোমবারের মধ্যে সপ্তাহে দুইদিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন– জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে।
No comments