শিরোনাম

মোহাম্মদপুরে আসাদুল হত্যায় ছয় আসামির ৪ দিনের রিমান্ড

চ্যানেল টেন ডেস্কঃ”

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন সাদেক খান ইটখোলা এলাকায় আসাদুল ইসলাম ওরফে লম্বু আসাদুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে আদালত এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্কেল আলী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘লম্বু আসাদুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত চার আসামি আকতার হোসেন (৪৫), মো. মুন্না (২৪), মিরাজ ফকির (২২) ও নয়ন ওরফে খোকনকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে র‍্যাব-২-এর অভিযানে গ্রেপ্তার হন আসাদুল ইসলাম ও মো. শাওন। তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মামলার এজাহারভুক্ত আরেক আসামি মিঠুকে আজই গ্রেপ্তার করেছে র‍্যাব।

উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে লম্বু আসাদুলকে কৌশলে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করে তাঁরই পূর্বপরিচিতরা। ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ ও র‍্যাব।

No comments