শিরোনাম

বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা



বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহানাজ বেগম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। তিনি কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল ছিলেন।

শনিবার ৪ এপ্রিল উপজেলার মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ তার ভাতিজা হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্তে কাজ করছে।

No comments