পটুয়াখালীতে ফ্ল্যাট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক
চ্যানেল টেন ডেস্কঃ
পটুয়াখালী পৌর শহরের একটি আবাসিক ফ্ল্যাট থেকে মো. বাদশা ফয়সাল (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের সবুজবাগ ১০ নম্বর লেনের একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার রুমমেট নিখোঁজ রয়েছেন, যা পুরো ঘটনায় রহস্য তৈরি করেছে।
নিহত ফয়সাল বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি পটুয়াখালীর বেসরকারি প্রতিষ্ঠান ‘সফট বাইট’ এর সবুজবাগ শাখার ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন।
সহকর্মীরা জানান, বুধবার সকাল থেকে ফয়সালের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে তারা তার বাসায় যান। সেখানে গিয়ে ফ্ল্যাটের ভেতরে খাটের পাশে মেঝেতে তাকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে ঘটনার পর থেকেই ফয়সালের রুমমেট নাইমুল ইসলাম চয়ন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ফয়সাল ও তার রুমমেটের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ লেনদেনে অনিয়মের অভিযোগ ছিল। বিষয়টি সমাধানের জন্য তারা কিস্তিতে অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। তবে হঠাৎ করেই তারা দুজনই আড়ালে চলে যান। এর মধ্যেই ফয়সালের মৃত্যুর ঘটনা সামনে এলো।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজেদুল ইসলাম সজল জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিআইডি ও পিবিআই গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিখোঁজ রুমমেটকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
No comments