শিরিন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হচ্ছে
চ্যানেল টেন ডেস্কঃ
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ডিবি থেকে বের করে আদালতে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে বের করে আদালতের উদ্দেশে নেওয়া হয়।
লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
(ডিবি) যুগ্ন কমিশনার মো নাসির উদ্দিন জানান, রাজধানীতে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছয়টি মামলা রয়েছে। লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তাকে কখন আদালতে তোলা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। সময় লাগবে।
লালবাগের হত্যাচেষ্টা মামলার বাদী আশরাফুল নামে এক ব্যক্তি। ওই মামলার তিন নম্বর আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এই স্পিকারকে। এ মামলার এক নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন চৌধুরী।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, সরকার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ তারা ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে।
এরপর থেকে শিরীন শারমিন চৌধুরী কোথায় ছিলেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। তিনি দেশে আছেন, নাকি বিদেশে পালিয়ে গেছেন, সেটা নিয়েও নানা কথা ছড়িয়েছিল। পরে দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর আজ ভোরে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।
শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৩০ এপ্রিল। এরপর থেকে টানা চারবার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।
No comments