বগুড়ার শিবগঞ্জে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে তার ছেলের সম্পৃক্ততার বিষয়টিও নিশ্চিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার মামলা নং-১৩ (তারিখ: ৬ এপ্রিল ২০২৬), জিআর নং-১১৪, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা এ মামলার ঘটনার সূত্রপাত ৪ এপ্রিল সন্ধ্যায়। ওইদিন উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহানাজ বেগম (৭১)-কে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই বগুড়ার পুলিশ সুপারের নির্দেশনায় শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামানের তত্ত্বাবধানে একটি চৌকস দল তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কুপা গ্রাম থেকে মোছা. সুলতানা বেগম (৪৭)-কে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত জিল্লুর রহমানের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুলতানা বেগম জানান, তার বিদেশ ফেরত ছেলে রোহান রহমান সিয়াম (৩০) বেকার হয়ে আর্থিক সংকটে পড়ে। ঋণের চাপ থেকে মুক্তি পেতে মা-ছেলে মিলে বিভিন্ন বাড়িতে আত্মীয় পরিচয়ে প্রবেশ করে সুযোগ বুঝে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতেন।
ঘটনার দিনও তারা একই কৌশলে শাহানাজ বেগমের বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে টাকা ধার চাইলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সুলতানার সহায়তায় তার ছেলে সিয়াম ধারালো অস্ত্র দিয়ে শাহানাজ বেগমের গলায় আঘাত করে গুরুতর জখম করে।
এসময় পাশের কক্ষে থাকা পুত্রবধূ সৈয়দা জিন্নাত আক্তার রিয়া শাশুড়ির অস্বাভাবিক শব্দ শুনে বাইরে যেতে চাইলে দেখতে পান তার কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। পরে জানালা দিয়ে প্রতিবেশীদের ডাক দিলে তারা এসে দরজা খুলে দেয়। এরপর শাশুড়ির কক্ষে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা শাহানাজ বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

No comments