যুদ্ধ শুরু হলে নতুন সক্ষমতা দেখাবে ইরান, ঘোষণা আইআরজিসির
যুদ্ধ পুনরায় শুরু হলে এমন সক্ষমতা উন্মোচন করা হবে যা শত্রুপক্ষের কল্পনার বাইরে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই ঘোষণা দিয়েছে।
ইরানি গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে আইআরজিসির মুখপাত্র সারদার মোহিবি বলেন, যুদ্ধ চলতে থাকলে এমন সব সক্ষমতা প্রকাশ করা হবে, যার বিষয়ে শত্রুপক্ষের কোনো ধারণাই নেই। তার ভাষায়, এমন যুদ্ধকৌশল সামনে আনা হবে, যার মোকাবিলার সক্ষমতা প্রতিপক্ষের খুবই সীমিত থাকবে।
এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র যদি জাহাজ চলাচলে নৌ অবরোধ আরোপ করে, তবে তা আন্তর্জাতিক আইনবিরোধী হবে এবং সরাসরি জলদস্যুতার শামিল হিসেবে বিবেচিত হবে। ইরানের সতর্কবার্তায় বলা হয়েছে, তাদের বন্দরগুলো হুমকির মুখে পড়লে উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।
অন্যদিকে, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, কয়েক সপ্তাহের ধ্বংসযজ্ঞ ও মানবিক দুর্ভোগ স্পষ্ট করে দিয়েছে যে, বর্তমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। তিনি যুদ্ধবিরতি বজায় রাখা এবং সমঝোতা না হওয়া পর্যন্ত গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ায় এর প্রভাব তাৎক্ষণিক অঞ্চল ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিতেও পড়েছে। এতে নানা খাতে অনিশ্চয়তা ও অর্থনৈতিক ভঙ্গুরতা বেড়েছে।
দুজারিকের ভাষ্য, সার ও এর কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে লাখো ঝুঁকিপূর্ণ মানুষের খাদ্যনিরাপত্তা আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। জ্বালানি, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে।
তিনি জানান, সংঘাতের কারণে বর্তমানে প্রায় ২০ হাজার জাহাজ আটকা পড়ে আছে এবং প্রতিদিনই সেগুলো বাড়তি দুর্ভোগের মুখে পড়ছে।

No comments