শিরোনাম

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড

চ্যানেল টেন ডেস্কঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে মঠবাড়িয়া হাসপাতাল রোড এলাকার আমিরুল অয়েল সাপ্লায়ার্সের মালিক শামীম হাসান খানকে এ দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার।

অভিযানে উপজেলা ভূমি কর্মকর্তা সুদীপ্ত দেবনাথ উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ রাখা ২ হাজার ৭৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল মঠবাড়িয়ার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় যার মূল্য ২ লক্ষ ৫ হাজার ২৬৫ টাকা।

এ সময় উপস্থিত এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, গতকাল আমার ছেলে অসুস্থ ছিল। তাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য গাড়িতে পেট্রল প্রয়োজন ছিল। কিন্তু বারবার অনুরোধ করার পরও তিনি আমাকে পেট্রল দেননি। অথচ এখন দেখা যাচ্ছে তিনি বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছিলেন। এভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা অন্যায়। এর সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত।”

উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার জানান, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাসা থেকে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

No comments