স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৩ সন্তানের জননীকে মুক্তির নির্দেশ
চ্যানেল টেন ডেস্কঃ
আওয়ামী লীগের পক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার সন্তানের জননী তাহমিনা আক্তারকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি মুক্তির এ নির্দেশ দিয়েছেন।ডিবি পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) এসআই আব্দুল মুক্তালিব আজ এ প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে এসআই আব্দুল মুক্তালিব বলেছেন,তিন কন্যা সন্তানের মা তাহমিনা আক্তার ঢাকাতে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী প্রবাসী। তবে স্বামীর সাথে সম্পর্ক ভালো না। পিতা-মাতা ও পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। গত ২৬ মার্চ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তি ভুল বুঝিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উদ্দেশ্য ছবি তোলার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পন এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেয়ার জন্য নিয়ে যায়।
চলমান দেশের রাজনৈতিক পরিস্থিতি না বুঝে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন উল্লেখ করে আব্দুল মুক্তালিব বলেন,‘প্রকৃতপক্ষে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কোনো কার্যক্রমে জড়িত নন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার দায় থেকে অব্যাহতির প্রার্থণা করছি।’
এর আগে গত ২৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনাকে আটক করে পুলিশ। এ সময় ওই নারীর সঙ্গে তার তিন সন্তানও ছিল। পরদিন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। গত সোমবারও তার জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপরই তাকে অব্যাহতির সুপারিশ করে দেয়া প্রতিবেদন আমলে নিয়ে আদালত তাকে মুক্তির আদেশ দিল।
No comments