শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস এলাকার মানুষকে আগে দেওয়ার দাবি রুমিন ফারহানার

চ্যানেল টেন ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস এখানকার মানুষ আগে পাবে, তারপর অন্য এলাকায় দেওয়ার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এ দাবি করেন। 

রুমিন ফারহানা তার সিদ্ধান্ত-প্রস্তাব উত্থাপন করে বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যেহেতু দেশের অন্যান্য এলাকায় যায়। সুতরাং আমার দাবি থাকবে—আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস এখানকার মানুষ পাবে, তারপর এটি অন্য এলাকায় যাবে।”

তিতাস গ্যাস ক্ষেত্রের একটি কূপ খনন হচ্ছে জানিয়ে তিনি বলেন ,“তিতাস গ্যাস ক্ষেত্রের ৩১ নম্বর একটা কূপ খনন হচ্ছে যেখান থেকে দৈনিক নয় মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। আমি আশা করব, এই নতুন যে কূপ (৩১ নম্বর কূপ) তিতাস গ্যাস ফিল্ডে খোঁড়া হচ্ছে, সেই গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে।”

“বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে, এই মাটিতে একদিকে যেমন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ বা সচীন দেবের জন্ম হয়েছে, তেমনি এই মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতন সংগ্রামী চরিত্র। যাদের কল্যাণে বাংলা আজকে আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে”—সংসদে দেওয়া বক্তব্যে বলেন রুমিন ফারহানা।

গ্যাস সংকটের কথা উল্লেখ করে সংসদে রুমিন ফারহানা আরও বলেন, “আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ -এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্পনগরী। এখানে আছে সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, চালকল, মিল ফ্যাক্টরি, আছে বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না।” 

২০১৬ সালে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ হলেও এখনও কিন্তু অসাধু কর্মকর্তাদের সাহায্যে বেশ কিছু মানুষ বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ নিয়ে রেখেছে” বলেও জানান তিনি।

No comments