শিরোনাম

ভালুকায় বেশি দামে এলপি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চ্যানেল টেন ডেস্কঃ

ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় অভিযান চালিয়ে ‘মেসার্স এন এন এন্টারপ্রাইজ’ ও ‘মীম এন্টারপ্রাইজ’কে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-১৪ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিডস্টোর বাজারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তাদের কাছে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং বিক্রয় প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুস ছালাম বলেন, এলপি গ্যাসের পাইকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য দাম সহনীয় রাখতে এ ধরনের তদারকি শুরু হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

No comments