শিরোনাম

বগুড়ায় ১৩ ঘণ্টার ব্যবধানে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ দুই নারী খুন

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার শিবগঞ্জে মাত্র সাড়ে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারীকে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নে এবং রবিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন শাহানাজ বেগম (৭০)। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার এবং মৃত আবদুল খালেকের স্ত্রী।

এলাকাবাসী ও স্বজনরা জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা শাহানাজ বেগমের বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

নিহতের ভাতিজা সুজন জানান, ঘটনার সময় তারা স্থানীয় দাড়িদহ বাজারে ছিলেন। বাড়িতে লোক ঢোকার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে দেখেন শাহানাজ বেগম রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে মোমেনা বেগম (৬৮) নামে আরও এক নারী নিহত হন। তিনি ওই গ্রামের বাবু সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানান, জাবারীপুর গ্রামের শেফালী বেগমের পরিবারের সঙ্গে তার ননদ জোলেখা ও বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। রবিবার সকাল সাড়ে আটটার দিকে ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে মোমেনা বেগম এগিয়ে গেলে প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, দুটি খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহানাজ বেগম হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। অন্যদিকে জাবারীপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুটি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

No comments