শিরোনাম

বগুড়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণায়: ভোট চাইলেন বাদশা

বগুড়া প্রতিনিধিঃ

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা মিছিল করেছে জেলা যুবদল। ৬ এপ্রিল সোমবার বিকেলে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি স্লোগানে মুখরিত হয়ে বড়গোলা মোড় হয়ে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে বিভিন্ন ইউনিটের প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেন বলে দাবি করা হয়। মিছিল থেকে লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। পরে শহরের ইয়াকুবিয়া মোড় থেকে মিছিলে যোগ দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও উপ-নির্বাচনে দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে অতীতের মতোই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা যুবদলের নেতারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে বগুড়ার যে উন্নয়ন দৃশ্যমান হয়েছে, তা বিএনপির সময়েই বাস্তবায়িত হয়েছে। তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেক কাজ বাস্তবায়ন হয়নি। নেতারা আরও বলেন, বগুড়া সদরে সিটি কর্পোরেশন গঠন, পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু, শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়ন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শিল্পাঞ্চল গড়ে তোলাসহ বিভিন্ন উন্নয়ন কাজ এখনো বাকি রয়েছে। এসব বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

No comments